ধর্মের নামে অধর্ম করে, ধর্মের হয় সর্বনাশ
অমৃত বলে পান করি ঘৃণার বিষ; ওদের পৌষ মাস
ধান্দাবাজি বুদ্ধি, ধর্ম ভীরু জনগন, আর রাজনীতির খোলা ময়দান
বেশধারী অসুর গুলো ধর্মের নামে দেশ টাকে করছে খান খান।
ওরা বোঝেনা দরিদ্রের দুর্দিন, মধ্যবিত্তের জ্বালা, পিড়িৎ দের চিৎকার
নেই বিন্দুমাত্র মাথাব্যাথা —
শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, বেকারত্ব, দূষণ, দুর্নীতি, নারী নিরাপত্তার।
শুষে নেবে কর, যতনে পোষা কলেবর, দামী বেশ-ভুশা ছিমছাম
সন্তানেরা বিদেশে, রুপী থেকে ডলারে, পড়াশোনা, ফুর্তি ও আরাম।
তুমি আর আমি করি হিংসা ও মারা-মারি, ভুলে থাকি প্রকৃত বিমারী
মিথ্যে অঙ্গীকার গোগ্রাসে গিলি, ছিটালে ধর্মের রং প্রশ্ন নাহি করি।
রাজা সাজে লুটেরা, বিভাজন হাতিয়ার,
প্রজারা লড়ে গেলে মজবুত দরবার।
আজও ভুলিনি সহস্র বিপ্লবীর ত্যাগ ও শত প্রাণ বলিদান
মহাসংগ্রামে রক্তাক্ত সেদিন শিখ, বৌদ্ধ, জৈন, হিন্দু ও মুসলমান।
ছুটুক তন্দ্রা মোদের, ভয়হীন উচ্চ কণ্ঠ ছাড়ি
ধিক্কার যত মতলবি মাথা আর বদ বুদ্ধির ধাড়ি
ভিন্নতার মাঝে একতা বিরাজে — এটাই আমাদের মহান দেশ
হোক স্বমুলে বিনাশ করে যারা ভাঙনের প্রয়াস, না রয় কোনো অবশেষ।
Leave a comment